সর্বশেষ সংবাদ :

পরবর্তী রাকসুর জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন করব: আম্মার

রাবি প্রতিনিধি: পরবর্তী রাকসু আদায়ের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।
গত বছর রাকসু নির্বাচন হওয়ার মধ্য দিয়ে সচল হয়েছিল দীর্ঘ ৩৫ বছরের স্থবির রাকসু। ইতিমধ্যে শেষ হয়েছে সর্বশেষ রাকসুর মেয়াদ। পরবর্তী রাকসুর তফসিল ঘোষণার দাবি জানান আম্মার। একই সাথে রাকসু আদায়ের জন্য সাধারণ শিক্ষার্থীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
আম্মার বলেন, “শিক্ষার্থীদের অধিকার আদায়, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাকসু। দ্রুত পরবর্তী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী রাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”
রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টালবাহানার অভিযোগ করে আম্মার বলেন, “প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে। কাউকে বলছে অডিটের জন্য, কাউকে ভর্তি পরীক্ষার জন্য। ভর্তি পরীক্ষার জন্য আটকে থাকার সুযোগ নেই, কারণ ভর্তি পরীক্ষার কমিটি আলাদাভাবে কাজ করবে এবং রাকসুর কমিটি আলাদাভাবে কাজ করবে। কোনো সাংবাদিককে বলছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক নেই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠান্ডা আছে, রাকসু দেওয়ার মতো পরিবেশ আছে।”
তিনি আরও বলেন, “আমরা ধাপে ধাপে রাকসু আদায়ের কর্মসূচি পালন করব। স্মারকলিপি দেব, মানববন্ধন করব, শিক্ষার্থীদের কাছে যাব এবং অবশেষে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এরপর প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাব। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যথেষ্ট স্থিতিশীল ও ভালো আছে এবং রাকসু দেওয়ার মতো পরিবেশ এর থেকে ভালো হতে পারে না। তাই প্রশাসন যেন রাকসু নিয়ে কোনো টালবাহানা না করে।”


প্রকাশিত: November 2, 2026 | সময়: 7:14 am | সুমন শেখ

আরও খবর