, , ।
স্টাফ রিপোর্টার: ‘আখ চাষ করুন, চিনিকল বাঁচান’ প্রতিপাদ্যে এবং ‘কাজ নাই, মজুরি নাই’ উদ্যোগে রাজশাহীর পবায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। শনিবার দুপুরে পবার হরিয়ান ট্রেনিং কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ‘মাসুম-ভাদু ঐক্য পরিষদ’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন আখ চাষি ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “চিনিকলগুলো আমাদের জাতীয় সম্পদ, আর আখ চাষিরা হলেন এই শিল্পের প্রাণ। আপনাদের ঘাম ও কঠোর পরিশ্রমে এই শিল্প আজও টিকে আছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য পাওনা আদায়, বকেয়া পরিশোধ এবং আমাদের চিনিকলগুলোকে বাঁচাতে আমি সবসময় আপনাদের পাশে থাকব।”
এমপি কৃষকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, “আপনারা নির্ভয়ে আখ চাষ করুন, আমরা আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করব। আখের ন্যায্যমূল্য নির্ধারণ ও সময়মতো মূল্য পরিশোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। অতীতে যেমন আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে যেকোনো লড়াই-সংগ্রামে আমাকে আপনাদের পাশেই পাবেন।”
রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ রানা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ভাদু-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা শাখার সভাপতি রুকুনুজ্জামান আলম।
এছাড়া আলোচনা সভায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, রাজশাহী সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, মাসুদ-ভাদু ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টা হাজী নূরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা চিনিকল রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আখ চাষিদের কল্যাণে বিভিন্ন দাবি ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।