সর্বশেষ সংবাদ :

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী: তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই

আক্কেলপুর প্রতিনিধি: তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দুরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে হবে। টেবিল টেনিসের মতো জনপ্রিয় খেলায় প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে। তারা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার সোসাইটির আয়োজনে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়গুলোতে খেলার মাঠের ব্যবস্থা করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়। প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগের অভাবে তাদের প্রতিভা বিকশিত হয় না। তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড় তৈরির উদ্যোগ নিতে হবে। আজকের প্রশিক্ষণার্থীদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক-উর-রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন, বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির সহসভাপতি এ.এম মাকসুদ আহমেদ সনেট, গিনেস বুক অফ ওয়ার্ল্ড ও স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত জাতীয় টেবিল টেনিসের খেলোয়াড় জোবেরা রহমান লিনু, বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ বখতিয়ার মাহমুদ সোহেল ও এনায়েত হোসেন মারুফ।
এ ছাড়া আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু সরকার বা পৌরসভার একার পক্ষে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।


প্রকাশিত: November 1, 2026 | সময়: 6:51 am | সুমন শেখ

আরও খবর