, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডাব্লিউবি কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুত রাখার অভিযোগে ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশে একটি গুদাম থেকে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ নারীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। চাল বিতরণের পর উপকারভোগীদের কেউ কেউ পরিষদের বাইরে কয়েকজন ব্যবসায়ীর কাছে সেই চাল বিক্রি করছিলেন। এ সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করে।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনূর ইসলাম স্বপন বলেন, “আমি পরিষদের কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে সেখানে আসি। উপকারভোগীরা পরিষদ থেকে চাল তুলে বাইরে বিক্রি করছিলেন। আমার পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ১ হাজার ৯০০ কেজি চাল প্রশাসনের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোলা ইউনিয়ন পরিষদের পাশে একটি গুদাম থেকে ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”