, , ।
বদলগাছী প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের তিন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনাপ্রাপ্ত বদলগাছীর তিন নারী হ্যান্ডবল তারকা হলেন—সুমাইয়া আক্তার, অনুরাধা পাহান ও পূর্ণিমা রানী।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘সুমাইয়া, অনুরাধা ও পূর্ণিমা নওগাঁর বদলগাছী তথা বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের সাফল্য দেশের মেয়েদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে অনন্য ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, খেলাধুলায় মেয়েদের উৎসাহিত করতে স্কুল-কলেজের হ্যান্ডবল খেলোয়াড়দের জুতা ও বাইসাইকেল প্রদান এবং স্থানীয় কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে সব ক্যাটাগরিতে ছেলে-মেয়েরা যেন দেশের প্রতিনিধিত্ব করতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।’
ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, ‘আমাদের এলাকার মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে, যা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। উপজেলা প্রশাসন সব সময় এই কৃতী খেলোয়াড়দের পাশে থাকবে এবং তাদের এগিয়ে যাওয়ার পথে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।’
এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিন খেলোয়াড়। তারা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মাঠে আমাদের একটাই লক্ষ্য থাকে—লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরা। নিজ উপজেলা থেকে পাওয়া এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামনের দিনগুলোতে দেশের জন্য আরও বড় জয় এনে দিতে চাই। আমাদের এই অর্জনের পেছনে কোচ, টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের অবদান অপরিসীম।’
তারা আরও বলেন, ‘মাঠের প্রতিটি মুহূর্তের কঠোর পরিশ্রম ও ত্যাগ আজ সার্থক বলে মনে হচ্ছে। সংবর্ধনায় পাওয়া ভালোবাসা ও সম্মান ভবিষ্যতে দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে অনুপ্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী নারী হ্যান্ডবল দলের স্থানীয় কোচ সুলতান মাহবুব (বিয়ার)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের নারী হ্যান্ডবল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।