, , ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রায়হান (৩৬) নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) ও একই গ্রামের অসীম চন্দ্র সাহা (৪০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান মন্দিরের সামনে এক নারীকে উত্ত্যক্ত করছিলেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে স্থানীয়দের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্র সাহার উরুতে ও অসীম চন্দ্র সাহার হাতের তালুতে আঘাত করে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরাও সেখানে উপস্থিত হন। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনায় রাতেই রায়হানের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।