, , ।
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়কের পাশে মেহগনি গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আওয়াল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে ভোলাহাট-রহনপুর সড়কের হলিদাগাছী স-মিল সংলগ্ন হলুদের জমিতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহত আব্দুল আওয়াল উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়দের ধারণা, আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলা পরিষদের দিক থেকে মেডিকেল মোড়ের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন মৃত্যু হয়েছে কেউ বলতে পারে না। ধরনা করা হচ্ছে রাতে এঘটনা ঘটতে পারে বলে জানান।
এদিকে তাঁর স্ত্রী জানান, তাঁর স্বামী ১৯ অক্টোবর বিকেল ৫ টার সময় বাড়ি থেকে বের হয়েছিল। সারা রাত বাড়ি ফিরেনি। সকালে মৃত্যুর খবর শুনতে পান বলে জানান। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপস্থিত ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”