সর্বশেষ সংবাদ :

নিবন্ধন ছাড়া অলিভ অয়েল বিক্রির অভিযোগে বিএসটিআইয়ের অভিযান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া আমদানিকৃত অলিভ অয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমদানিকৃত পণ্যের যথাযথ তথ্য ও কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের ৩৩টি অলিভ অয়েল জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্যগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বিভাগীয় অফিস, রাজশাহীর সমন্বয়ে এ সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আরডিএ খাঁচা মার্কেটের মেসার্স রাকিব কসমেটিকসে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া আমদানিকৃত অলিভ অয়েল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(১) ও ৪১ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আমদানিকৃত পণ্যের যথাযথ তথ্য ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৩টি অলিভ অয়েল জব্দ করে সেগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিমের নেতৃত্বে পরিদর্শক (মেট্রোলজি) মেহেদী হাসান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শাকিব হাসান এবং পরীক্ষক (পদার্থ) মো. মেহেদী হাসান তালুকদার সার্বিক সহযোগিতা করেন।


প্রকাশিত: October 16, 2026 | সময়: 3:44 am | সুমন শেখ

আরও খবর