সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে উৎকোচে ডিলার নিয়োগ, বাতিলের দাবি

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নে কোনো প্রকার দোকান বা গোডাউন ছাড়াই ‘অদৃশ্য খুঁটির জোরে’ আওয়ামী লীগ কর্মী লিটন হোসেনকে বিসিআইসি সার ডিলার নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার চান্দাই ইউনিয়নের দিয়াড়গাড়ফা লেদ মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নীতিমালা লঙ্ঘন করে দেওয়া এই অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চান্দাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক ও সার ব্যবসায়ী মহসিন আলী। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমানসহ অন্য নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, নবনিযুক্ত ডিলার লিটন বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের সক্রিয় কর্মী এবং তার সারের ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই। এমনকি বিসিআইসি’র শর্ত ভেঙে কোনো দোকান বা গোডাউন ছাড়াই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের দাবি, ইউনিয়নের ৭-৮ জন প্রকৃত ব্যবসায়ী আবেদন করলেও একটি মহল মোটা অঙ্কের টাকা দাবি করায় তারা তা দিতে পারেননি। কিন্তু ‘অদৃশ্য খুঁটির জোরে’ নীতিমালা তোয়াক্কা না করে লিটনকে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে অভিজ্ঞ ব্যবসায়ীরা যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি কৃষকেরা সঠিক সময়ে সার পাওয়া নিয়ে সংকটে পড়েছেন। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিতর্কিত নিয়োগ অবিলম্বে বাতিল করা না হলে সাধারণ কৃষক ও জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে লিটন আহমেদ জানান, তিনি কাউকে কোন উৎকোচ দেয়া ছাড়াই নিয়মানুযায়ী নিয়োগ পেয়েছেন। গোডাউন বা দোকান না থাকার অভিযোগও সঠিক নয়। এছাড়া আওয়ামীলীগ কর্মী নয়, তিনি নিজেকে পারিবারিকভাবে বিএনপির ভোটার বলে দাবি করেন।


প্রকাশিত: October 13, 2026 | সময়: 5:55 am | সুমন শেখ