সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কার্যালয় ভেঙ্গে মালামাল লুটে নেওয়ার অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার মৌখাড়া হাটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ কমান্ডার গোলাম মওলা (৭৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত অনুমতি সাপেক্ষে ভবনটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা অফিসের দরজা-জানালা খুলে নেয় এবং ভেতর থেকে ৩টি কাঠের জানালা, লোহার গ্রিল, ১৪টি প্লাস্টিকের চেয়ার, টেবিল, গদিযুক্ত লোহার চেয়ার, আলমিরা ও মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয়।
ভুক্তভোগী কমান্ডার গোলাম মওলা ক্ষোভ প্রকাশ করে বলেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার তৈরি করা দল ক্ষমতায় থাকাবস্থায় এই ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমি জড়িতদের বিচার দাবি করছি। কার্যালয়ের পাশের চা বিক্রেতা নিজাম উদ্দিন জানান, শুক্রবার সকালে এসে তিনি আসবাবপত্র শুন্য ভাঙা অফিস দেখতে পান।
ইউএনও ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি বিষয়টি শুনে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: October 10, 2026 | সময়: 6:29 am | সুমন শেখ

আরও খবর