, , ।
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে অঘটনের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইতিহাস, ঐতিহ্য, শক্তিমত্তা সবকিছুতেই অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে টাইগ্রেসরা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় শক্তিকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পুরো দল হিসেবে খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দেওয়া সম্ভব বলে বিশ্বাস তার।
বর্তমানে নারী দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ব্যর্থ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের সঙ্গে ড্রেসিংরুমে অস্বস্তির নানা খবর। এর মধ্যে আগামীকাল ব্রিসবেনে ওয়ানডে সিরিজে দুই দলের প্রথম ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মাঠের বাইরের সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে চান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘বর্তমানের দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই পুরো দল হিসেবে খেলতে। আমরা বিশ্বাস করি, যখন দল হিসেবে খেলি এবং সবাই একসঙ্গে পারফর্ম করি, তখন যেকোনো দলকেই চমকে দিতে পারি।’ অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের জন্য ভিন্ন হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি দল। একটি প্রস্তুতি ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলনের মাধ্যমে উইকেটের আচরণ বোঝার চেষ্টা করেছে তারা।
জ্যোতি বলেন, ‘এখানকার কন্ডিশন আমাদের থেকে পুরোপুরি ভিন্ন। তাই আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেছি। কয়েকটি অনুশীলন সেশন করেছি এবং এখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। এতে উইকেট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। শেষ পর্যন্ত বিষয়টি মানসিকতার ওপর নির্ভর করবে—আমরা কীভাবে ম্যাচটি খেলতে চাই। আমরা এটির জন্য সত্যিই মুখিয়ে আছি।’ দীর্ঘদিন পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই সেই ফেরাটা হচ্ছে। এই ফরম্যাটে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলে নিজেদের সেরাটা দিতে চান তিনি। জ্যোতি বলেন, ‘এটাই এমন একটি ফরম্যাট, যেখানে আমরা খুব ভালো খেলি। দেশের মাটিতে হোক কিংবা দেশের বাইরে, এই ফরম্যাটে আমাদের সামর্থ্য আছে। আমাদের দলে এই ফরম্যাটে ভালো খেলা কয়েকজন বিশেষজ্ঞ খেলোয়াড়ও আছে। তাই আমরা মাঝের সময়টায় নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে চাই। বিষয়টি আসলে মানসিকতার ওপর নির্ভর করছে। আমরা এখানে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’