, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, কম সম্পদ ব্যবহার করে প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষতার সঠিক প্রয়োগের মাধ্যমে পণ্য ও সেবা উভয় খাতেই উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। বাংলাদেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার সুযোগকে কাজে লাগিয়ে অদক্ষ শ্রমশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে।
শুক্রবার (০২ অক্টোবর) বেলা এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, প্রথাগত ধারণায় শুধু শিল্প উৎপাদনকে উৎপাদনশীলতা মনে করা হলেও প্রকৃতপক্ষে কম সময়ে মানসম্মত সেবা প্রদান এবং সম্পদের অপচয় রোধ করাই আসল উৎপাদনশীলতা। দেশে প্রাকৃতিক বা খনিজ সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বিরাট জনগোষ্ঠীই মূল সম্পদ। শ্রমবাজারে অদক্ষ শ্রমিকের তুলনায় একজন দক্ষ শ্রমিকের আয় ও বেতন লক্ষাধিক টাকার উপরে। অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ শ্রমশক্তি বিদেশে প্রেরণ করা সম্ভব হলে বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি রেমিট্যান্স অর্জন করা সম্ভব।
রাজশাহীর অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে কাজী শহিদুল বলেন, রাজশাহী দেশের ‘ম্যাংগো সিটি’ হিসেবে স্বীকৃত এবং এখানে দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয়। রাজশাহীতে একটি ফুড প্রসেসিং জোন (আম ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এলাকা) এবং মৎস্যভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানি করা যাবে। এছাড়া হাইটেক পার্ক ও পর্যটন খাতকে কেন্দ্র করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে, যা নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে তরুণ প্রজন্মকে উপযোগী প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পণ্য উৎপাদনে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শিল্পে অটোমেশন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে মানসম্মত উৎপাদন নিশ্চিত করা সম্ভব।
এসময় তিনি তরুণদের কেবল চাকুরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণ করে নতুন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক।
রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা এবং ব্যবসায়ী ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০’টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও গণমাধ্যম কর্মী ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অতিথিগণ বলেন, আমি বিশ্বে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই। আর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে উৎপাদনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এসময় ছিলেন সিনিয়র উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক হান্নান চৌধুরী, পাঁচবিবি লাল বিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক আবুল বাশার, মহীপুর ভাসানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলি এবং গ্যালাক্সি ড্রাগণ বাগানের মালিক উদ্যোক্তা শিপলু সহ অনেকেই।
নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক শামীম হোসেন। সভাপতি বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারে জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান বিশ্বে উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তির জ্ঞান অর্জন ছাড়া টিকে থাকা অসম্ভব। এসময় অতিথি ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা, নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।
ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উৎপাদন শীলতা বৃদ্ধিতে উদ্ভাবন প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাডে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সভা কক্ষে সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উদোক্তা ও সংশ্লিষ্টতা প্রমুখ। আলোচনা সভায় সভাপতি বলেন, উৎপাদন শীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক আরো শক্তিশালি, গতিশীল ও টেকসই করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে সকল ক্ষেত্রে উৎপাদন শীলতা ছাডা কোন বিকল্প নেই।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রসাশনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, উদ্যোক্তা মাসুদ রানা, সেলিনা আক্তার, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি ও ইউএনও মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প এবং সেবা খাতসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। উপজেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে সম্পদ ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন অর্জনে বদ্ধপরিকর।