সর্বশেষ সংবাদ :

খরচ বেড়েছে, দাম বাড়েনি ধানের দামে হতাশ চাষিরা

সবুজ ইসলাম: মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ। কয়েক মাসের কঠোর পরিশ্রম শেষে ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান। কিন্তু সেই ধান হাটে বিক্রি করতে এসে চরম হতাশায় পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ধানের দাম না বাড়ায় লোকসানের শঙ্কায় দিন কাটছে তাদের। কৃষকদের অভিযোগ, সার, বীজ, সেচ, শ্রমিক ও পরিবহন খরচ কয়েকগুণ বাড়লেও সেই অনুপাতে বাড়েনি ধানের দাম। ফলে মৌসুম শেষে লাভ তো দূরের কথা, অনেকেই খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।
জেলার বিভিন্ন উপজেলার ধানের হাট ঘুরে দেখা গেছে, রোপা আমন মৌসুমে কৃষকের ঘরে ধান উঠলেও মুখে নেই স্বস্তির হাসি। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে। অনেক স্থানে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে কৃষক ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে ঋণ শোধ কিংবা সংসার চালাতে কম দামে ধান বিক্রি করছেন তারা।
সরেজমিনে রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া এবং মোহনপুর উপজেলার কেশরহাটে গিয়ে দেখা যায়, প্রতিমণ জিরা ধান বিক্রি হচ্ছে ১৩৫০ টাকা থেকে ১৪৫০ টাকা, ব্রি-আঠাশ বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০টাকা, ব্রি-৭৫ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকা, ১২৫০ থেকে ১৩১০ টাকায় বিক্রি হচ্ছে কাটারি ধান। জানতে চাইলে কৃষকেরা জানিয়েছে ক্ষেত থেকে প্রকারভেদে এক মণ ধান উৎপাদনে খরচ ১৪০০ থেকে ১৫০০ টাকা। চলতি বছর সার-বিষের দাম বেড়ে যাওয়া এবং লোডশেডিং থাকায় ধান উৎপাদনে খরচ আরো বেড়েছে।
রাজশাহীর বাগমারা গাঙ্গোপাড়া হাটের ধান বিক্রি করতে এসেছিলেন কৃষক আব্দুল হান্নান। জানতে চাইলে তিনি বলেন,“এক বিঘা জমিতে ধান করতে যে খরচ হয়েছে, সেই তুলনায় দাম খুবই কম। শ্রমিকের মজুরি, সারের দাম, ডিজেলের খরচ সব বেড়েছে। কিন্তু ধানের দাম বাড়েনি। ধান বিক্রি করে এখন লাভ তো দূরের কথা, ঋণই শোধ করতে পারছি না।”
কেশরহাটের কৃষক নুর ইসলাম বলেন,“ধানের বাজারে কৃষকের কোনো নিয়ন্ত্রণ নেই। যখন ধান ওঠে তখন দাম কমে যায়। কয়েক মাস পর ব্যবসায়ীরা সেই ধান বেশি দামে বিক্রি করে। লাভটা সবসময় মধ্যস্বত্বভোগীরাই নেয়।” ুআরেক কৃষক মমিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমরা শুধু কষ্টই করি। মাঠে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ধান ফলাই। কিন্তু ধান বিক্রি করতে গেলে মনে হয় আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই। এভাবে চললে কৃষক আর ধান চাষে টিকতে পারবে না।”
সাইফুল ইসলাম নামের এক ধানের আড়তদার বলেন,“গতবারের চেয়ে এইবার রাজশাহীতে আবহাওয়া ভালো। গতবার বৃষ্টির কারণে কৃষক ধান কাটতে পারেনি, এইবার বৃষ্টি নেই। এখন কেবলমাত্র হাটে ধান উঠা শুরু হয়েছে। সামনে সপ্তাহে থেকে ধানের দাম কিছুটা বাড়তে পারে বলে আমি মনে করছি।”
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। এখন ধান বিক্রি করেও সেই ঋণ শোধ করতে পারছেন না। এতে নতুন করে দুশ্চিন্তা বাড়ছে কৃষক পরিবারগুলোতে। কেউ কেউ ভবিষ্যতে ধান চাষ কমিয়ে অন্য ফসলের দিকে ঝুঁকার কথাও ভাবছেন।
আর সরকারি খাদ্যগুদামে সরকার ধান ক্রয় করলেও প্রশাসনিক জটিলতা, লেবার ও পরিবহন খরচ ও দালালদের দৌরাত্ম্যের কারণে অনেক কৃষকই ধান নিয়ে সরকারি খাদ্যগুদামে যায় না বলে জানান। ফলে কৃষকরা কোনো সুবিধা বা উপকার পান না। চাষিরা আরো জানান, চলতি মৌসুমে আলু চাষে ব্যাপক লোকসানের পর ধানেও ক্ষতির মুখে পড়ায় অনেক কৃষক চরম সংকটে পড়েছেন।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি। এ মৌসুমে ধানের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। গড় ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ। জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলায় সবচেয়ে বেশি ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তানোরে ২২ হাজার ৭১, পবায় ৯ হাজার ১৪০, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫, চারঘাটে ৫ হাজার ৪৫০, মোহনপুরে ৪ হাজার ১০০, বাগমারায় ৩ হাজার ৭২৫ এবং বাঘা উপজেলায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, এ বছর উপজেলায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বিঘাপ্রতি গড়ে ২০ মণ ধান পাওয়া যাচ্ছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, চলতি মৌসুমে জেলায় প্রায় ৩০ শতাংশ জমির ধান কর্তন হয়েছে। এখন বিলের জমিতে পুরোদমে ধান কাটা চলছে। চলতি বছর অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলন ভালো হয়েছে। ভালো দাম পেলে আমন চাষিরা লাভবান হবেন। তিনি আরও বলেন, আগাম জাতের আমন ধান ঘরে তোলার পর কৃষকেরা একই জমিতে আলু, সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। এতে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং কৃষকের আয় বাড়বে। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার ন্যায্য মূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকেরা যাতে বাজারেও ন্যায্য দাম পান, সে বিষয়টি কৃষি বিভাগ মনিটরিং করবে।


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ৬:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর