, , ।
রাবি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
উপাচার্য ভবন লাউঞ্জে এই সাক্ষাৎ ও মতবিনিময়ে উপদেষ্টা রাবিতে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করাসহ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং পঠন-পাঠন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে সরকারের প্রত্যাশার কথা জানান। তিনি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সক্রিয়তার আশাও ব্যক্ত করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, উন্নয়ন চাহিদা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন। এসময় উপাচার্য শিক্ষার্থীদের কল্যাণ তথা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কয়েকটি চাহিদা পূরণে সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানালে উপদেষ্টা সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
মঙ্গলবার বিকেলে উপদেষ্টা রুহুল কবির রিজভী কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মো. রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ-সভাপতি।