‘স্বপ্নের রংসুতোয়’ স্বপ্ন বুনছেন বাঘার নারীরা
নুরুজ্জামান, বাঘা :
একসময় সংসারের কাজ আর ঘরকন্নার মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁদের জীবন। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। এখন সুই-সুতার ফোঁড়ে কাপড়ের বুকে নকশা ফুটিয়ে তুলছেন তাঁরা একটি ব্যবসা প্রতিষ্ঠান। নিজেদের শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে হয়ে উঠছেন স্বাবলম্বী।
রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর মহাজন পাড়া এলাকায় গড়ে উঠেছে ‘স্বপ্নের রংসুতো নামে এই প্রতিষ্ঠান নিজ বাড়িতে স্থানীয় নারীদের সামনে খুলে দিয়েছেন এমনই এক সম্ভাবনার দুয়ার।
বাঘা উপজেলার আলাইপুর মহাজন পাড়া এলাকার গোলাম আফরোজ ওরফে (কনা মনি)উদ্যোগে গড়ে উঠেছে অত্র এলাকার প্রায় অর্ধ শতাধিক নারীদের নিয়ে এই প্রতিষ্ঠানটি। স্বল্প পরিসরে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এটি এলাকার নারীদের কাজের সুযোগ তৈরির একটি উদ্যোগে পরিণত হয়েছে। নিজের আগ্রহ, পরিশ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কনা মনি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। তাঁর লক্ষ্য, নারীদের হাতের কাজকে কর্মসংস্থানের পাশাপাশি আয়ের একটি স্থায়ী উৎসে পরিণত করা।
এই প্রতিষ্ঠানটিতে গ্রামের নারীরা হাতের কাজ দিয়ে তৈরি করছেন নানা ধরনের নকশাদার ও সৌখিন পণ্য। সুই-সুতার নিপুণ কাজে প্রতিটি পণ্যে ফুটে উঠছে তাঁদের নিজস্ব ভাবনা ও সৃজনশীলতা। এসব কাজের মধ্যদিয়ে তাঁরা যেমন নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পাচ্ছেন, তেমনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পথও খুঁজে পাচ্ছেন। এখানে তৈরী হচ্ছে নিজস্ব কারিগর দ্বারা ওয়ান-পিস,টু-পিস,থ্রী পিচ, হরেক রকম ছোট-বড় ফ্রগ, বিভিন্ন সাইজের কামিজ,পাঞ্জাবী ,ওড়না, ফতুয়া, শাড়ি, ব্লাউজ ও মেয়েদের শীতকালিন নানা রকম ডিজাইনের চাদর। মজার ব্যাপার হলো, সব কিছুতেই থাকছে স্বপ্নের রংসুতো দিয়ে করা হাতের কারু কাজ ।
“স্বপ্নের রংসুতো” সংশ্লিষ্ট নারীদের কাছে শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি নিজেদের সামর্থ্য প্রমাণেরও একটি জায়গা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের সুযোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। নিজের উপার্জনে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তাঁরা । তবে এ ধরনের উদ্যোগ এগিয়ে নেওয়ার পথে রয়েছে নানা প্রতিবন্ধকতা। পণ্যের কাঁচামাল সংগ্রহ, উৎপাদন ব্যয়, উপযুক্ত বাজার তৈরি এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা, এসব বিষয় উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি হাতে তৈরি পণ্যের বাজার সম্প্রসারণ ও ক্রেতাদের কাছে এর পরিচিতি বাড়ানোও জরুরি হয়ে পড়েছে।
উদ্যোক্তা কনা মনির প্রত্যাশা, যথাযথ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ‘স্বপ্নের রংসুতো’ আরও বড় পরিসরে কাজ করতে পারবে। এতে বাঘা উপজেলার আরও অনেক নারী কাজের সুযোগ পাবেন। স্থানীয় নারীদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশীয় হস্তশিল্পের বাজারেও নতুন সম্ভাবনা তৈরি হবে। গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে এমন ক্ষুদ্র উদ্যোগের গুরুত্ব রয়েছে। প্রয়োজন প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন, পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাত করণের সুযোগ। এসব সহায়তা নিশ্চিত করা গেলে ‘স্বপ্নের রংসূতো’র মতো উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাঘার নারীদের এই পথচলা তাই কেবল সুই-সুতায় নকশা তৈরির গল্প নয়, এটি আত্মবিশ্বাস, শ্রম ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের গল্প। তাঁদের হাতে বোনা প্রতিটি নকশার সঙ্গে যেন জড়িয়ে আছে নতুন জীবনের প্রত্যাশার গল্প ।
বাঘার নারী উদ্যোক্তা কনা মনি বলেন, উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি, যিনি নিজের চিন্তা, সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে নতুন কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেটিকে সফলভাবে পরিচালনা করার চেষ্টা করেন। এমনকি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে লাভ-লোকসানের ঝুঁকি নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেন।আমি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি । আমার দ্বারা গ্রামের অন্য নারীরা উপকৃত হচ্ছেন, এটাই আমার প্রকৃত অনুভতি ও আনন্দ।
নুরুজ্জামান /শাহজাদা
প্রকাশিত:
নভেম্বর ২০, ২০২৬ | সময়: ৪:৩৬ অপরাহ্ণ | Daily Sunshine