, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ সময় এনসিপির নেতাকর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ করেছে দলটি। গতকাল মঙ্গলবার সকালে ঈশ্বরদী বাজারের ১নং গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। কর্মসূচি চলাকালে ‘ওমর শেখ শান্ত’ নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কর্মসূচীতে বাধা সৃষ্টি করেন। এ সময় কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা এবং নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। এতে কিছু সময়ের জন্য কর্মসূচির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ খান বিদ্যুৎ বলেন, ‘দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। সেখানে বাধা ও হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।