, , ।
স্টাফ রিপোর্টার: কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ার প্রেক্ষিতে গোধূলী মার্কেটের দোকান ও স্পেসের চুক্তিপত্র ও বরাদ্দ বাতিল, অবৈধ দখল উচ্ছেদ, স্পেস সিলগালা এবং বকেয়া ও পাওনা অর্থ চূড়ান্তভাবে আদায় সংক্রান্ত চূড়ান্ত নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। খাঁন ফার্নিচার গ্যালারীর মোঃ শফিকুল আওয়াল খাঁন কে নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
নোটিশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গোধূলী মার্কেটের ২য় তলার বরাদ্দকৃত ৬৬১২.১৫ বর্গফুট স্পেসের বকেয়া ভাড়া বাবদ ২৬ লাখ ১৯ হাজার ২৫ টাকা, অবৈধভাবে প্যাসেজ বা বারান্দার ৫ হাজার ৭৬৯ দশমিক ২৫ বর্গফুট স্পেস ব্যবহারের ক্ষতিপূরণ বা জরিমানা বাবদ ৬০ লাখ ৭ হাজার ৮৪২ টাকা এবং ৪র্থ তলার ৯ হাজার ১১৪ দশমিক ৬৪ বর্গফুট স্পেসের অনুমোদনহীন ব্যবহারের ক্ষতিপূরণ বা জরিমানা বাবদ ৫০ লাখ ১২ হাজার ১৬৪ টাকা (সর্বমোট ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩১ টাকা) পরিশোধ না করা এবং বরাদ্দপত্র ও চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা ও বরাদ্দ বাতিল করা হবে না, সে বিষয়ে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে আরো বলা হয়, উল্লিখিত প্রেরিত জবাব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায় যে, আপনার দাখিলকৃত জবাবটি সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক, বিভ্রান্তিকর এবং কর্তৃপক্ষের রেকর্ডপত্র ও চুক্তিপত্রের শর্তাবলীর পরিপন্থী। আপনি আপনার জবাবে বরাদ্দকৃত স্পেসের দীর্ঘদিনের জমে থাকা বকেয়া ভাড়া, অনুমোদিত নকশা ও চুক্তির ব্যত্যয় ঘটিয়ে ৫ হাজার ৭৬৯.২৫ বর্গফুট প্যাসেজ বা বারান্দা দখল এবং ৪র্থ তলায় ৯,১১৪.৬৮ বর্গফুট স্পেস অনুমোদন ব্যতীত অবৈধভাবে পারিবারিক আবাসিক বসবাস ও গোডাউন হিসেবে ব্যবহারের সুস্পষ্ট ও সন্তোষজনক কোনো ব্যখ্যা প্রদানে ব্যর্থ হয়েছেন। আপনার জবাব কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য বা সন্তোষজনক বলে প্রতীয়মান হয়নি।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী নিম্নবর্ণিত কারণসমূহে আপনার চুক্তিপত্র বাতিল এবং উচ্ছেদ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে: (ক) বকেয়া ভাড়া অনাদায়: দীর্ঘদিনের নোটিশ ও তাগাদা সত্ত্বেও বরাদ্দকৃত ৬৬১২.১৫ বর্গফুট স্পেসের পুনঃনির্ধারিত বকেয়া ভাড়া বাবদ ২৬ লাথ ১৯ হাজার ২৫ টাকা পরিশোধ না করে আপনি চুক্তিপত্রের ১৪ নং শর্ত ও বরাদ্দপত্রের ৪ নং শর্ত লঙ্ঘন করেন।
সাধারণ প্যাসেজ বা বারান্দা অবৈধ দখল: কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যাতায়াতের জন্য সংরক্ষিত ৫,৭৬৯.২৫ বর্গফুট প্যাসেজ বা বারান্দা ব্যক্তিগত ও বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে দখল ও ব্যবহার অব্যাহত রেখে চুক্তিপত্রের ৭ ও ১০ নং শর্ত লঙ্ঘন করেন। (গ) বাণিজ্যিক স্পেসের অননুমোদিত ব্যবহার: ৪র্থ তলায় নির্মিত ২৩৬৪৩.৬৫ বর্গফুট বাণিজ্যিক স্পেসের মধ্যে বরাদ্দ ব্যতীত অবৈধভাবে দখলপূর্বক ৯,১১৪.৬৪ বর্গফুট স্পেস বাসাবাড়ি ও গোডাউন হিসেবে ব্যবহার করছেন এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মার্কেট নির্মাণ শেষ না করে চুক্তিপত্রের ৫, ৭, ১২ ও ১৪ নং শর্ত ভঙ্গ করেন।
অতএব, আপনার সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থতা এবং বকেয়া ও জরিমানা অর্থ অনাদায়ী থাকার দরুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে গত ০৮/০৭/২০০৯ খ্রি. এবং ২৩/০১/২০১২ খ্রি. তারিখে আপনার সাথে সম্পাদিত চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট বরাদ্দপত্র বাতিল করা হলো।
এতদ্বারা আপনাকে চূড়ান্তভাবে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে গোধূলী মার্কেটের ২য় তলা ও ৪র্থ তলায় আপনার দখলে থাকা সকল মালামাল স্ব-উদ্যোগে অপসারণপূর্বক দোকান বা স্পেসসমূহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে বুঝিয়ে দেবেন। একই সাথে আপনার নিকট কর্তৃপক্ষের মোট পাওনা ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩১ (এক কোটি ছত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার একত্রিশ) টাকা অবিলম্বে কর্তৃপক্ষের তহবিলে জমা প্রদান করবেন।
৬। এমতাবস্থায়, আদিষ্ট হয়ে উল্লিখিত সময়সীমার (৭ দিনের) মধ্যে দোকান বা স্পেস খালি না করলে এবং পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ
হলে, দ্যা গর্ভারমেন্ট ল্যান্ড এন্ড বিল্ডিংস ১৯৭০ এবং অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী কোনো প্রকার অতিরিক্ত নোটিশ ব্যতিরেকেই আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় মোবাইল কোর্ট/উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখল অবমুক্ত ও স্পেস সিলগালা করা হবে। এতে আপনার কোনো মালামাল ক্ষতিগ্রস্ত বা বিনাশ হলে তার জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। এছাড়াও সরকারি পাওনা আদায়ের লক্ষে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে উদ্ভূত সকল প্রকার আর্থিক ও আইনগত দায়ভার সম্পূর্ণরূপে আপনার ওপর বর্তাবে।