, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মধু মিয়া (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে গোদাগাড়ী থানার গোলাই গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ডিউটিরত ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোলাই গ্রামের মো. বাদশা মন্ডলের একটি প্লটে একজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেনসহ পুলিশের একটি দল সকাল ৭টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন মধু মিয়া। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার পরিহিত লুঙ্গির ডান পাশের টেমর থেকে দুটি নীল রঙের পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. মিলন হোসেন ওরফে বগা (৪৫) নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় মাদকসহ অন্যান্য অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।