সর্বশেষ সংবাদ :

বাঘায় শিমুল হত্যা মামলার মূলহোতা ইসলাম আলী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা থানার চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার তদন্তে শনাক্ত মূলহোতা ইসলাম আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মো. আফসার মন্ডলের ছেলে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে বাঘার জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির সামনে মো. শিমুল (২৮) ও মো. শমজানকে চোর সন্দেহে আটক করে ২০ থেকে ২৫ জনের একটি দল গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ৭ সেপ্টেম্বর বাঘা থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি বাঘা থানার মামলা নম্বর-০৯, এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়। র‌্যাব জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় সদর কোম্পানি র‌্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে ইসলাম আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গ্রেপ্তার এড়াতে পলাতক থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। গ্রেপ্তার ইসলাম আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: September 15, 2026 | সময়: 4:12 am | সুমন শেখ

আরও খবর