, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর পৌরসভার ৩ নং ওয়ার্ডের তলাপাত্র পাড়া এলাকায় মেয়র প্রার্থী ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধনবাড়ী পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আয়ুব আলী ফকিরের সঞ্চালনায় ও পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র প্রার্থী পৌর বিএনপি’র সভাপতি এসএসএ ছোবহান।
উঠান বৈঠকে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, নাগরিক সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মেয়র প্রার্থী এসএম এ ছোবহান বলেন, ‘একটি পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হলে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা জরুরি। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের নির্দেশনায় সুন্দর ভাবে নাগরিক সেবা নিশ্চিত করা এবং বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব।’
এসময় ধনবাড়ী পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠণিক সম্পাদক হুমায়ুন কবীর, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রইজ উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুজ্জামান সহর, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাবলু সরকার, পৌর জাসাসের আহবায়ক প্রভাষক ওসমান গণি দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব সোহেল রানা, পৌর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নূরজাহান বেগম ও বিএনপি নেত্রী শহনাজ বেগমসহ অন্যরা বক্তব্য দেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।