, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে নবী, ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে শিক্ষক নারায়ন চন্দ্র এর কর্মস্থল উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারায়ণ চন্দ্র হাবিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত অবিনাশ চন্দ্রের ছেলে। তিনি ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণ চন্দ্র তার নিজ নামের ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে নবী, ইসলাম ধর্ম ও মাদ্রাসা নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন। সবশেষ মঙ্গলবার রাতে নবী, ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য সংবলিত একটি ফটোকাট পোস্ট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ে জড়ো হয়ে ওই শিক্ষকের খোঁজ করেন। পরে নারায়ণ চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গেলে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা তাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওই ফটোকাটে নবী, ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে নানা ধরনের মন্তব্য ও আপত্তিকর এবং অবমাননাকর বক্তব্যও লেখা ছিল। ফটোকাটটির নিচে লেখক হিসেবে ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন বলেন, এর আগেও নারায়ণ চন্দ্র ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন। স্থানীয়রা প্রতিবাদ জানালে তাকে বিষয়টি বুঝিয়ে এ ধরনের পোস্ট না করার জন্য বলা হয়েছিল। এরপরও তিনি মঙ্গলবার আবার পোস্ট করেছেন। স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে ফেললে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।