সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় সার নিয়ে হট্টগোল,  কৃষকদের তোপের মুখে কৃষি কর্মকর্তা

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে বিএডিসি ডিলারের নিকট পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগ তুলে কৃষকরা হট্টগোল করেছেন। একই সঙ্গে হট্টগোলের কারণে ঢাকা-রাজশাহী মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। সে সময় সেখানে উপস্থিত হন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতির রানী, পরে তিনিও পড়েন কৃষকদের তোপের মুখে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বানেশ্বর বাজারের বিএডিসি ডিলার ইব্রাহিম খলিলের দোকান ও আশেপাশে ওই ঘটনা ঘটে।

তাদের হট্টগোল ও রাস্তা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, কৃষকদের দাবি গত একমাস যাবত ডিলাররা সার দেওয়ার কথা বলে কৃষকদের ঘুরাচ্ছেন। আজকে সার দেওয়ার নাম করে কৃষকদের ডেকে এনে কাউকে ১০ কেজি, কাউকে ১৫ কেজি করে সার দিচ্ছেন। এতে করে পর্যাপ্ত সার না পেয়ে কৃষকরা বানেশ্বর বাজারে ওই হট্টগোলের সৃষ্টি করেছেন বলে কৃষকরা জানান।

 

 

এসব বিষয়ে জানতে চাইলে সারের কোন ঘাটতি নাই বলে পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, কৃষকের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে তা ঠিক হয়ে গেছে। কৃষকদের মাঝে বিভিন্ন রকম সার দেওয়া হয়েছে। কৃষকদের দাবি ছিল পুরো বস্তা ধরে সার তাদেরকে দিতে হবে। সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার তিনিও গিয়েছিলেন।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 7, 2026 | সময়: 11:07 pm | Daily Sunshine