, , ।
স্টাফ রিপোর্টার: শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
র্যালির সময় বৃষ্টি শুরু হলেও তিনি বৃষ্টিতে ভিজেই শোভাযাত্রায় যোগ দেন এবং আয়োজকদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করেন। তাঁর এভাবে শোভাযাত্রায় অংশগ্রহণে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নওহাটা পৌরসভা: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পবার নওহাটা পৌরসভায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দীর শ্মাশানঘাটের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দীর শ্মাশানঘাটের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নওহাটা কলেজ মোড় হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দীরে আলোচনা ও পদাবলী মঞ্চে মিলিত হয়। র্যালিতে অতিথি ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, প্রাক্তন শিক্ষক আনন্দ কুমার পাল, সুবাস মন্ডল, তরুণ কুমার সাহা, রতন দাস, মধৃ সাহা, নিন্টু মন্ডল, কার্তিক হলদার, বলরাম সাহা, প্রদিপ কুমার সাহা, কৃষ্ণ কুমার সাহা, সুকুমার, মনোজ কুমার, রতন হলদার, অলক কুমার মন্ডল, রেন্টু দাস, বিশ্বনাথ হলদার, হৃদয়, মন্টু প্রমুখ।
চাটমোহর: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। উপজেলা ও পৌর পূজা উদযাপনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল পূজা অর্চনা, আলোচনা সভা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও মহা প্রসাদ বিতরণ। এ উপলক্ষে সকাল ১১টায় পৌর শহরের শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বক্তব্য দেন, এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী মুমিন মুজবুল হক সমাজী টুটুল, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক, থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, এ এম জাকারিয়া, রবিউল করিম তারেক, এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, তরুন কুমার পাল প্রমুখ। আলোচনা সভা শেষে বের হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা।
জয়পুরহাট: জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির উদ্যোগে দুপুরে শহরের জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির (হরিবাসর) চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব। এতে অন্যদের মধ্যে জয়পুরহাট জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সদস্য সুমন কুমার কুন্ডু, বীরেন পাহান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হলে সেখানে শ্রীকৃষ্ণ লীলা কীর্তন ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে মঙ্গল শোভাযাত্রা, কৃষ্ণপূজা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালীমন্দির থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অপরদিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগেও পৃথক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এসব শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্ত অংশ নেন। পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার। এ সময় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ, নিতিশ পাল ও সুশিল ঘোষ, পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামাণিক, সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষণ সরকার, অরুণ সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র ও জগাই কুণ্ডুসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ভক্তিমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আলোচনা ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের পাশাপাশি কীর্তন অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
আত্রাই: ভগবান শ্রীকৃষ্ণের ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০ টায় বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই শাখার আহ্বায়ক উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে সদস্য সচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেশব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি ছিলেন, আত্রাই অফিসার ইনচার্জ মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
সাপাহার: নওগাঁর সাপাহারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক দীলিপ সাহা, সদস্য সচিব মিলন কুমার পাল, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধীর চৌধুরী সহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় ভক্তরা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শোভাযাত্রাজুড়ে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।