সর্বশেষ সংবাদ :

নাচোলে শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বহিষ্কৃত ওই দুই চেয়ারম্যান হচ্ছে কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও নাচোল ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস জনসম্মুখে মানহানিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার জেরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৪ আগস্ট ২০২৬ তারিখে এ আদেশ জারি করা হয়।
গত ১০ আগস্ট ‘ফ্যামিলি কার্ড শুমারির আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। উক্ত নিয়োগের ফলাফল প্রত্যাখ্যান করে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জাকারিয়া আল মেহরাব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন। মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উক্ত অপরাধমূলক কর্মকাণ্ডের পর তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


প্রকাশিত: September 2, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ

আরও খবর