, , ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি হবে পুঠিয়া উপজেলা ফুটবল দল ও দুর্গাপুর উপজেলা ফুটবল দল। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে জয়ের প্রত্যয় নিয়ে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ম্যাচটি হাড্ডাহাড্ডি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
পুঠিয়া উপজেলা দলের কোচ জিতেন জানিয়েছেন, সেমিফাইনালকে সামনে রেখে তাঁর দলের প্রস্তুতি ভালো। আগের ম্যাচের মতো এবারও দলে কোনো বিদেশি খেলোয়াড় রাখা হয়নি। স্থানীয় খেলোয়াড়দের সামর্থ্যের ওপরই তাঁরা আস্থা রাখছেন। দলের আরেক কোচ ইমনও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দলের প্রস্তুতি ভালো হয়েছে। এখন মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সই মূল বিষয়। বাকিটা আল্লাহর ইচ্ছা।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলা দলের কোচ বাবু জানিয়েছেন, ফাইনালে উঠতে তাঁর দল সর্বাত্মক চেষ্টা করবে। দলের শক্তি বাড়াতে মিশরের ফুটবলার মোস্তফাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
দুই দলের প্রস্তুতি, কৌশল ও খেলোয়াড়দের সামর্থ্য বিবেচনায় আজকের ম্যাচটি জমজমাট হওয়ার প্রত্যাশা করছেন আয়োজক ও দর্শকরা। ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে দুই দলের লড়াই দেখতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উল্লেখযোগ্য দর্শক সমাগম হবে বলেও আশা করা হচ্ছে। আজকের ম্যাচের বিজয়ী দল আগামী ৫ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।