সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুবায়ের তুহিন, রাজশাহী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে উপজেলা মডেল মসজিদের সামনে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের উপস্থিতি ও ঢাক-ঢোলের বাদ্যযন্ত্রে উপজেলা চত্বর ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

এরপর উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু ও মোঃ গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ও হাসান ফারুক ইমাম সুমন, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা ও আজাদ রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, ৩ নং পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম খান রবিন এবং ২ নং কিসমত গণৈকড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ রানা প্রামানিকসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ঐতিহ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং রাজনৈতিক সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে দুর্গাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 1, 2026 | সময়: 10:42 pm | Daily Sunshine