সর্বশেষ সংবাদ :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মোহনপুর

স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল।
গতকাল সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারিতে প্রায় ১৭ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বতাপূর্ণ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহনপুর উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৪-২ গোলে পবা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
ম্যাচের শুরু থেকেই উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে। উভয় দলই একাধিক গোলের সুযোগ পেলেও কোন দলই গোল করতে না পারায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। টাইব্রেকার এড়াতে উভয় দলই ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যেই গোল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। গোল করার সুবর্ণ সুযোগ তৈরি হলেও তা থেকে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। দলের শক্তি বাড়াতে উভয় দলই নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে। মোহনপুর দুই ও পবা একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে। পবা তাদের নাইজেরিয়ান ফুটবলার বেনজামাকে দিয়েই বেশিরভাগ আক্রমণ চালানোর চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি। টাইব্রেকারে মোহনপুর উপজেলা ফুটবল দল পবা উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ম্যাচ পরিচালনা করেন আক্তার হোসেন।
ম্যাচটি উপভোগ করতে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী বুধবার ( ২ সেপ্টেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পুঠিয়া উপজেলা ফুটবল দল দুর্গাপুর উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে।


প্রকাশিত: September 1, 2026 | সময়: 3:25 am | সুমন শেখ