সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত পাঁচ শিশু একই গ্রামের বাসিন্দা। তারা হলো মো. মাসুদের মেয়ে সুমাইয়া (৯) ও আরিবা (৭), নেমাজের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে শিশুরা একসঙ্গে বাড়ির কাউকে না জানিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা নদীতে গোসল করতে যায়। এ সময় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। ফলে শিশুরা কখন নদীতে নেমেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি। একপর্যায়ে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। পরে তাদের খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা নদীর দিকে গিয়ে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারে তৎপরতা শুরু করেন।
স্থানীয় বাসিন্দা তৌহিদ আলম বলেন, ‘শুক্রবার জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কখন কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।’
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, খবর পাওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। পরে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষাকাল ও ভারী বৃষ্টির সময় পদ্মার পানি এ নদীতে প্রবেশ করায় নদীটি পানিতে ভরে যায়। তবে বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে স্থানীয়রা বিভিন্ন ধরনের ফসল চাষ করেন।
স্থানীয়দের ভাষ্য, বর্ষায় নদীতে পানি বেড়ে যাওয়ায় সেখানে গোসল বা পানিতে নামার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। কিন্তু বিষয়টি না বুঝে শিশুরা একসঙ্গে নদীতে নেমে পড়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চর চাকলা গ্রামের পরিবেশ। নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’


প্রকাশিত: August 29, 2026 | সময়: 3:41 am | সুমন শেখ