সর্বশেষ সংবাদ :

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ডিবির অভিযানে দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এবং বর্তমানে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় বসবাসরত এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
পুলিশ জানায়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কিউটের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি যাচাই করে তাতে রাজশাহী মহানগর পুলিশের মনোগ্রাম ব্যবহার এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এস এম হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় দণ্ডবিধির ধারায় সাতটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দণ্ডবিধির ধারায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ধরনের প্রতারণা ও অপরাধ থেকে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। বিশেষ করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


প্রকাশিত: August 29, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ