সর্বশেষ সংবাদ :

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক ও জেলা পরিষদ প্রশাসকের বাণী

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বাণীতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই পবিত্র দিনে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.), বিশ্ব মানবতার মুক্তির দূত। তাঁর পবিত্র জীবন ও আদর্শে রয়েছে শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।
আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় আমাদের সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ হোক। রাজশাহী মহানগরবাসীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগর ও উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
এক বাণীতে তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ পবিত্র দিনে বিশ্বজগতের রহমত ও মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন। মহানবী (সা.)-এর সমগ্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য চিরন্তন পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণ করে অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে।
তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় রাজশাহী মহানগর ও উপজেলা বাসীসহ সকল মুসলমানের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।


প্রকাশিত: August 26, 2026 | সময়: 5:08 am | সুমন শেখ

আরও খবর