, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে আতঙ্ক সৃষ্টির অপরাধে সাকলাইন মোস্তাক নামে এক কিশোরের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে আটক করে এই জরিমানা করা হয়।
সাকলাইন মোস্তাক বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা স্বপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যান মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
স্থানীয়রা জানান, ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিল। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি ধরে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি মামলা দেওয়াসহ জব্দ করে।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করে। সড়ক পরিবহন আইন অনুযায়ি যা আইন বিরোধী। ড্রাইভিং না থাকায় এবং সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে সাইলেন্সরটি খুলে নেওয়া হবে যা অফেরতযোগ্য।