, , ।
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস সামনে রেখে আরচারদের প্রস্তুতির জন্য ভুটানের বিপক্ষে একটি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ আরচরি ফেডারেশন। আগামীকাল বুধবার দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট শুরু হবে টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে। বাংলাদেশ আরচারি ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ১০ সদস্যের ভুটান জাতীয় আরচারি দল বাংলাদেশে সফর করছে।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের আমন্ত্রণে ভুটান দলটি বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন, নিজেদের প্রস্তুতি যাচাই এবং প্রতিযোগিতার চাপের মধ্যে নিজ নিজ পারফরম্যান্স মূল্যায়ন করতেই এই সফর ভুটান জাতীয় আরচারি দলের। ভুটান দলের এই সফর দুই দেশের আরচারদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রস্তুতি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বাংলাদেশ চলতি বছর আন্তর্জাতিক পর্যায়েও ভুটানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের আরচাররা সফলতা পেয়েছেন। বাংলাদেশ আরচারি ফেডারেশন প্রত্যাশা করছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্ট দুই দেশের আরচারি সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং এশিয়ান গেমসের প্রস্তুতিতে উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।