সর্বশেষ সংবাদ :

সান্তাহারে অনুমোদনহীন স্যালাইন বিক্রি, জরিমানা ও মালামাল ধ্বংস

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে অনুমোদনহীন টেস্টি স্যালাইন বিক্রির অপরাধে দুলাল দেবনাথ (৫০) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার প্রতিষ্ঠান থেকে ৬৫ কার্টুন অনুমোদনহীন টেস্টি স্যালাইন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি এবং বাজারজাত করার দায়ে হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কারখানা থেকে বিভিন্ন মালামাল ও তৈরি পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। রবিবার রাতে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারসংলগ্ন বাজার এলাকায় ‘শ্রী কৃষ্ণ ভান্ডার’ নামে একটি পাইকারি মুদির দোকানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও নন-ব্র্যান্ডেড টেস্টি স্যালাইন বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দুলাল দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে ৬৫ কার্টুন অনুমোদনহীন টেস্টি স্যালাইন জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে সান্তাহার পৌর শহরের পাথরকুটা ও সাহেবপাড়া এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করার অভিযোগে হামিদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় তার কাছ থেকে ১১ কার্টুন তৈরি পণ্যসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং পরে সেগুলো ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, অনুমোদনহীন ও মানহীন পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:13 am | সুমন শেখ

আরও খবর