, , ।
স্পোর্টস রিপোর্টার: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ৫-২ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল।
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালকের ম্যাচে কোনোকিছু বুঝে ওঠার আগেই ৪ মিনিটের মাথায় গোদাগাড়ী উপজেলা ফুটবল দলের আলিম আচমকা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।
গোদাগাড়ী উপজেলা ফুটবল দল প্রথম গোল করার আনন্দে যখন মাতোয়ারা তার মিনিট বিশেক পরে মোহনপুর উপজেলা ফুটবল দলের নাইজেরিয়ান খেলোয়াড় ইদ্রিস ম্যাচের ২৪ মিনিটের মাথায় গোল পরিশোধ করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। পরবর্তীতে বাদল ৪২ মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। ম্যাচের এ অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোদাগাড়ীর সুমন গোল করলে ম্যাচে সমতা ফিরে আসে।
এ অবস্থায় ম্যাচে চরম উত্তেজনা বিরাজ করে। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে। এ পর্যায়ে মোহনপুরের বাদল আরও একটি গোল করলে মোহনপুর ৩-২ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে মোহনপুরের হৃদয় ও মুমিন আরও একটি করে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-২। গতকালকের ম্যাচ উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। কালকের ম্যাচটি দক্ষতার সাথে পরিচালনা করেন আক্তার হোসেন। তাঁকে সহযোগিতা করেন আব্দুল খালেক ও সুজন রানা। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন রেজ।
আজ বিকেল ৪ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল পবা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।