, , ।
জুবায়ের তুহিন, দুর্গাপুর:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান বজলু, জেলা যুবদলের সদস্য মোঃ রেন্টু, ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ খায়রুল আলম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মন্টু, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শাহাদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান মেহেদীসহ কলেজের শিক্ষক-প্রভাষক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম দাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউকান্দি উচ্চ বিদ্যালয় এবং দাউকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে কলেজের প্রভাষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে এমপি নজরুল ইসলাম বলেন, দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও তাঁরা দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তাঁদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ ও প্রশাসনকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় দাউকান্দি এলাকার সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে ছয়তলা ভবন নির্মাণ, কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন এবং এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
এছাড়াও বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সানশাইন /শামি