সর্বশেষ সংবাদ :

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত পুলিশ সুপার মামুন অর রশিদের পূর্ববর্তী কর্মস্থল ছিল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ২৮তম বিসিএস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিতি অর্জন করেছেন।
অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার, সিআইডি হিসেবে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী থেকে বিদায় নিয়েছেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। রাজশাহীর দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। তাঁর সময়কালে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারের মতো বিভিন্ন অভিযানে সাফল্য আসে। এসব কার্যক্রমের জন্য তিনি প্রশংসা অর্জন করেন। দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে মামুন অর রশিদ রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।


প্রকাশিত: August 24, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ