সর্বশেষ সংবাদ :

লালপুরে খেলার মাঠে অতিথি হতে না পেরে ‘১৪৪ ধারা’ জারির মাইকিং ছাত্রদল নেতার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হতে না পেরে খেলার মাঠে ‘১৪৪ ধারা’ জারির মাইকিং করে ফাইনাল ম্যাচটি বন্ধ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীর বিরুদ্ধে। ‘১৪৪ ধারা’ জারির ভুয়া ঘটনায় রবিবার নাটোর জেলা ছাত্রদল মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
জানাগেছে, উপজেলার কেশবপুর গ্রামে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নিজেকে বিশেষ অতিথি করার এবং পৗর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি করার জন্য অনুরোধ করে ছাত্রদল নেতা মারুফ আলী। টুর্নামেন্টের আয়োজকরা এ প্রস্তাবে রাজি না হলে তিনি ফাইনাল খেলা পন্ড করতে ফাইনাল খেলার দিন গত শুক্রবার মাইকিং করে ‘১৪৪ ধারা’ জারির ভুয়া খবর ছড়িয়ে দেন। এতে খেলাটি বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এর যৌথ স্বাক্ষরে নোটিশে লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন মারুফ আলীর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ২৪ আগষ্ট তারিখের মধ্যে তার লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রকাশিত: August 24, 2026 | সময়: 4:37 am | সুমন শেখ