রাজশাহীতে বাংলা কিউআরের কর্মশালা, ক্যাশলেস লেনদেনে জোর

স্টাফ রিপোর্টার: ক্যাশলেস বাংলাদেশ ভিশন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট-ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। কর্মশালায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক।
কর্মশালার মূল লক্ষ্য ছিল দেশজুড়ে সবার জন্য সহজ ও নিরাপদ বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক বা অ্যাপ থেকে সহজে টাকা লেনদেনের বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক এ.এন.এম. নাঈমুল কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুল আহমেদ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘বাংলা কিউআর’ ক্যাশলেস ইকোনমির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি গ্রাহক ও ব্যবসায়ী উভয়ের লেনদেনকে আরও সহজ ও নির্বিঘ্ন করে তুলতে পারে। কাগজের টাকার ওপর নির্ভরতা কমিয়ে সবাইকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেও বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনে স্বচ্ছ ও নিরাপদ লেনদেনে বাংলা কিউআরের গুরুত্ব তুলে ধরা হয়। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সহজেই আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন বলে জানানো হয়। পাশাপাশি উদ্যোক্তাদের ক্যাশলেস পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে হাতে-কলমে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
আয়োজনে উপস্থিত ব্যক্তিরা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে বাংলা কিউআরের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও ডিজিটাল লেনদেনের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানানো হয়।


প্রকাশিত: August 21, 2026 | সময়: 4:47 am | সুমন শেখ