সর্বশেষ সংবাদ :

মেসি-রোনালদোদের নতুন সাম্রাজ্য

স্পোর্টস ডেস্ক: এক সময় ফুটবলারের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোচিং, ধারাভাষ্য কিংবা ফুটবল বিশ্লেষণ- এই তিন পথের একটিকেই ফুটবলারদের বেছে নেওয়া ছিল স্বাভাবিক; কিন্তু সময় বদলেছে। এখন অবসর নেওয়ার আগেই ফুটবলের বড় তারকারা ঢুকে পড়ছেন ক্লাব মালিকানার জগতে। কেউ পুরো ক্লাব কিনছেন, কেউ বড় অংশের শেয়ার, আবার কেউ সংখ্যালঘু মালিক হিসেবে ভবিষ্যতের ফুটবল-ব্যবসায় নিজেদের জায়গা তৈরি করছেন। বিশাল বেতন, বিজ্ঞাপন, ব্যবসা ও বিনিয়োগ থেকে পাওয়া বিপুল অর্থ ফুটবলারদের এই নতুন ভূমিকায় আসার সুযোগ করে দিয়েছে। শুধু অর্থ নয়, ফুটবল সম্পর্কে তাদের দীর্ঘ অভিজ্ঞতা, পরিচিতি ও বিশ্বজুড়ে জনপ্রিয়তাও ক্লাবগুলোর জন্য বড় সম্পদ হয়ে উঠছে।
এই ধারার পথিকৃৎদের একজন ডেভিড বেকহাম। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির মালিকানা প্রকল্পে যুক্ত হওয়ার পর তিনি ফুটবল-তারকাদের ক্লাব মালিকানার প্রবণতাকে নতুন মাত্রা দেন। পরে লিওনেল মেসিকে মায়ামিতে নিয়ে আসার মাধ্যমে সেই প্রকল্পকে আরও বড় করে তোলেন তিনি। বেকহামের দেখানো পথ এখন অনুসরণ করছেন ফুটবলের বর্তমান ও সাবেক অনেক মহাতারকা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও লুকা মদরিচ- সবাই নিজেদের মতো করে ক্লাব মালিকানার সঙ্গে যুক্ত হয়েছেন। লিওনেল মেসির ফুটবলজীবনের সবচেয়ে বড় পরিচয় বার্সেলোনার সঙ্গে। সেই শহরের সঙ্গেই এবার অন্যভাবে সম্পর্ক আরও গভীর করলেন আর্জেন্টাইন মহাতারকা। এপ্রিল মাসে স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেয়া ঘোষণা করে, মেসি ক্লাবটির ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন। বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কর্নেয়া মেসির কাছে তাই শুধু একটি ব্যবসায়িক প্রকল্প নয়, বরং পরিচিত এক অঞ্চলে ফিরে যাওয়ার সুযোগও। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছিল, মেসির মালিকানা কাতালোনিয়ার ক্রীড়া ও স্থানীয় প্রতিভা বিকাশে তার আগ্রহকে আরও শক্তিশালী করেছে। বার্সেলোনায় ১৭ বছর কাটানো মেসির সঙ্গে কাতালোনিয়ার সম্পর্ক দীর্ঘদিনের।
ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের উদ্দেশে ভিডিও বার্তায় মেসি নিজেই পরিচয় দেন এবং দলকে উন্নীত করার প্রচেষ্টায় সমর্থন জানান। কর্নেয়ার প্রমোশন অভিযান শেষ পর্যন্ত প্লে-অফে গিয়ে থেমেছে। তবে মাঠের ফলের বাইরেও মেসির আগমনে ক্লাবটি তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে আলোচনায় চলে আসে।মেসির মালিকানার পর কর্নেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী কয়েক লাখে পৌঁছে যায়। ক্লাবটির একাডেমিও বেশ শক্তিশালী। সাবেক বার্সেলোনা তারকা জর্দি আলবা, বর্তমান বার্সা খেলোয়াড় জেরার্ড মার্টিন এবং আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার মতো খেলোয়াড়রা কর্নেয়ার একাডেমি থেকে উঠে এসেছেন।


প্রকাশিত: August 21, 2026 | সময়: 4:26 am | সুমন শেখ