, , ।
স্পোর্টস ডেস্ক: ভারতের দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ও ভীতিকর দুর্ঘটনা। ব্যাটারের সজোরে মারা স্ট্রেইট ড্রাইভ সরাসরি মুখে লাগায় গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হতে হয়েছে অন-ফিল্ড আম্পায়ার ধর্মেস ভরদ্বাজকে। এই দুর্ঘটনার ম্যাচে নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানের ব্যবধানে হারিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স।
সোমবার নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার সময় ১৮তম ওভারে এই দুর্ঘটনা ঘটে। ইস্ট দিল্লির বোলার আশিস মীনার বলে সোজা স্ট্রেইট ড্রাইভ খেলেন ব্যাটার লক্ষ্য থারেজা। বলটি অত্যন্ত দ্রুতগতিতে গিয়ে সোজা আম্পায়ার ধর্মেস ভরদ্বাজের মুখের একপাশে আঘাত করে।
এমন আকস্মিক ঘটনায় ব্যাটার থারেজাসহ মাঠের ক্রিকেটাররা স্তব্ধ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে খেলা থামিয়ে ভরদ্বাজকে মাঠের বাইরে নেওয়া হয় এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দ্রুত একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে ডিপিএলের আরেকটি ম্যাচেও কাঁধে বলের আঘাত পেয়েছিলেন এই আম্পায়ার।
অপ্রীতিকর এই ঘটনার ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইস্ট দিল্লি রাইডার্স। উদ্বোধনী জুটিতে বংশ মেহরা ও অর্পিত রানা মাত্র ৫.৪ ওভারে ৬২ রান তুলে উড়ন্ত সূচনা এনে দেন। মেহরা ২১ বলে ৩৫ এবং রানা ২২ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। ওপেনারদের বিদায়ের পর হাল ধরেন মায়াঙ্ক রাওয়াত ও সুরিয়াংশ রায়না। চার ছক্কার ফুলঝুরিতে রাওয়াত ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। রায়না করেন ২১ বলে ৩৩ রান। নিউ দিল্লি টাইগার্সের পক্ষে বল হাতে রিশভ শর্মা ৩৪ রানে ৩টি এবং লক্ষণ ৩১ রানে ২টি উইকেট নেন।
১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ইতিবাচক হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগার্সরা। মাত্র ১০.২ ওভারেই ৯৪ রানে ৪ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে অধিনায়ক হিম্মত সিং ও লক্ষ্য থারেজা ৪৮ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে হিম্মতকে (২০ বলে ৩১) ফিরিয়ে এই জুটি ভাঙেন মায়াঙ্ক রাওয়াত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগার্সরা। শেষ পর্যন্ত ১৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
ইস্ট দিল্লি রাইডার্সের পক্ষে বল হাতে আশিস মীনা ৩২ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মায়াঙ্ক যাদব ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ব্যাটার ও বোলারদের দারুণ এই সম্মিলিত নৈপুণ্যে ৩৬ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্ট দিল্লি রাইডার্স।