সর্বশেষ সংবাদ :

মোহনপুরে দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মোহনপুর প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলের সহায়তায় রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল, সয়াবিন তেল, চিনি ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন।

এ সময় মোট ১৫০ বস্তা ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ১৫ কেজি করে ত্রাণসামগ্রীর প্যাকেট দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, হলুদ, মরিচ ও বিভিন্ন ধরনের মসলা।
ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা বলেন, দুর্দিনে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে তারা উপকৃত হয়েছেন। এ ধরনের মানবিক সহায়তার জন্য তারা বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোজাম্মেল হক, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল-আমীন, উজ্জ্বল হোসেন, জাফর ইকবাল, আনছার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। জাতীয়তাবাদী দল বিএনপি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

রাসেল/শামি


প্রকাশিত: August 18, 2026 | সময়: 11:45 pm | Daily Sunshine

আরও খবর