, , ।
স্টাফ রিপোর্টার: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিয়ে একটি কন্যাশিশুর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, “কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা রয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হয়। এ সময় মোট ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
নওগাঁ: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুন বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। পরে স্কুল পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে উপজেলায় প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ আয়োজনে রালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। স্মাগতম বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. আরিফ হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রমুখ। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কনে অংশ গ্রহণ করে।
আত্রাই: আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান। বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন প্রমুখ।
জয়পুরহাট: জয়পুরহাটে কন্যা শিশু দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা শিশু একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মহিলা মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার। বক্তব্য রাখেন- জেলা শিশু একাডেমির পরিচালক সোহেল রানা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জায়েদা কামাল, প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বেলা সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মী আশরাফী জান্নাত, স্কুল শিক্ষার্থী কন্যা শিশু- সাফিয়া ইসলাম, জারিন তাসরিন ও মেহেদীয়াত নাওয়ার নাজাহ প্রমুখ।