, , ।
স্টাফ রিপোর্টার: অদম্য মেধাবী শিক্ষার্থী মো. ফাহিম আলীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। কলেজে ভর্তিসহ ফাহিমের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সুগম করতে সোমবার নগর ভবনে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন রাসিক প্রশাসক।
ফাহিম আলী রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকার পিন্টুর ছেলে। ইউসেফ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল হতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফাহিম জিপিএ-৫ অর্জন করেছে। দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যেও মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে সে। ফাহিমের বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নিজের খরচ মেটাতে ফাহিম থাই গ্লাসের দোকানে শ্রমিকের কাজ করে। জীবনের নানা প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি; বরং অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে সে এগিয়ে চলেছে। সম্প্রতি তাকে নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনে ‘জিপিএ-৫ পেয়েও জীবনের হিসেব মেলাতে পারছে না ফাহিম’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়।
ফাহিমের এই সংগ্রাম ও মেধার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ফাহিমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তার শিক্ষা অর্জনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক। তিনি মেধাবী ফাহিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।