, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ’২৬। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) সব খেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে। পৃষ্ঠপোষকতায় রয়েছে এরফান গ্রুপ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার সমন্বয়ে এই টুর্নামেন্ট আগামী ২১ আগস্ট হতে নতুন স্টেডিয়ামে শুরু হবে। দল গঠনসহ অন্যান্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। টুর্নামেন্টের সময়সূচি (ফিকশচার) যথাসময়ে জানানো হবে।
এই টুর্নামেন্ট ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জ’ নামে পরিচালিত হবে। বাফুফে এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি কর্তৃক প্রণিত বাই-লজ অনুযায়ী টুর্নামেন্ট পরিচালনা করা হবে। ৫ টি উপজেলা দল নিয়ে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের খেলা প্রতি অর্ধ ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট এবং ১৫ মিনিট বিরতি থাকবে। ১ম পর্বের খেলায় বিজয়ী দল ৩ পয়েন্ট এবং খেলা ড্র বা অমীমাংসিত হলে উভয় দল ১ পয়েন্ট করে পাবে।
প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন। এই টুর্নামেন্টে উপজেলার স্থানীয় বাসিন্দারা নিজ নিজ উপজেলা দলের পক্ষে অংশগ্রহণ করতে পারবেন। এক উপজেলার খেলোয়াড় অন্য উপজেলা দলের পক্ষে খেলতে পারবেন না। আগামী ১৮ আগস্টের মধ্যে প্রতিটি দলের ২৫ জন খেলোয়াড় এর রেজিস্ট্রেশন ফরম পূরণ পূর্বক খেলোয়াড়দের জন্মনিবন্ধন-জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ সকল খেলোয়াড়দের ক্ষেত্রে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১ জন ম্যানেজার, ১ জন সহকারী ম্যানেজার, ১ জন কোচ, ১ জন সহকারী কোচ এবং ১ জন কর্মকর্তার রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক জন্মনিবন্ধন-জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম ও খেলোয়াড় তালিকা ফাইল আকারে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অফিসে জমা দিতে হবে।