, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে লাইসেন্স ছাড়া ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম ও মেয়াদোত্তীর্ণ কাঁচামালে ওষুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ জব্দ করাসহ প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান এসব এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সুত্রে জানা যায়, উপজেলার গড়মাটি এলাকায় জেনি আয়ুর্বেদিক লিমিটেডে মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে ওষুধ তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ টি ড্রাম বোঝাই বিভিন্ন ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাকিল আহমেদকে নগদ দুই লাখ টাকা জরিমানা করাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অপরদিকে, উপজেলার ভান্ডারদহ গ্রামের শামসুল ইসলাম মিয়ার ছেলে সাইফুল ইসলাম নিজ বাড়িতে লাইসেন্স ছাড়াই রং ফর্সাকারী ক্রিম তৈরি ও বিক্রি করে আসছিলেন। সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ২০ লিটার ক্রিম, ১২ বস্তা কৌটা ও ১০ বস্তা লেভেল জব্দ করে। পরে সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করাসহ জব্দ করা মালামালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।