সর্বশেষ সংবাদ :

বাজারে নিত্যপণ্যের বাড়তি দাম, অতিষ্ট ক্রেতা

সানশাইন ডেস্ক: নিত্যপণ্যের বাড়তি দামে অতিষ্ট সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) বাজারে গিয়ে আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে সব ধরণের সবজি। এতে করে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, কাচামালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। এ কারণে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। শুক্রবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারগুলো ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচা পেঁপে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন আকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, করলা ও উচ্ছে ৮০ টাকা, শসা ৮০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে লাউ ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা, লতি ৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও জালি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। লালশাক ১৫ টাকা, পুঁইশাক ও লাউশাক ৩০ টাকা, কচুশাক ও কলমিশাক ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে আগের দাম অর্থাৎ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে আলু।
প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বকরির মাংস ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ টাকা, লেয়ার ও সোনালি মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।
মাছের বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি রুই ও কাতল মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, বড় সিলভার কার্প ২০০ টাকা, ছোট সিলভার কার্প ১৪০ থেকে ১৬০ টাকা, বোয়াল ৭০০ টাকা, হাইব্রিড ট্যাংরা ৮০০ টাকা, পোয়া মাছ ৫০০ টাকা এবং কাচকি মাছ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ৩ হাজার টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসলার বাজারে দেশি রসুন ১০০ টাকা, আমদানি করা বড় রসুন ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা এবং আদা ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মুদি দোকান ঘুরে দেখা যায়, চালের বাজারে স্বর্ণা চাল ৫০ থেকে ৫৫ টাকা, মিনিকেট ও মোজাম্মেল চাল ৮৫ টাকা, বিআর-২৮ চাল ৬০ টাকা এবং পাইজাম চাল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডালের মধ্যে দেশি চিকন মসুর ডাল ১৬০ টাকা, বড় মসুর ডাল ১০০ টাকা এবং ছোলার ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


প্রকাশিত: জুন ২০, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ