সর্বশেষ সংবাদ :

ফিক্সিংয়ে জড়িয়ে ৮ বছর নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আখিলেশ রেড্ডিকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল ভারতীয় বংশোদ্ভূত এই অফস্পিনিং অলরাউন্ডারকে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করার পর এই শাস্তি ঘোষণা করা হয়।
অভিযোগগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আবুধাবি টি-টেন ২০২৫ টুর্নামেন্টকে ঘিরে। রেড্ডির নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। ওই দিনই তাকে সাময়িকভাবে (প্রোভিশনাল) নিষিদ্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, রেড্ডি তিনটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত- ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা: আবুধাবি টি-টেন ২০২৫-এর ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা এ ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকা।
অন্যকে ফিক্সিংয়ে প্ররোচিত করা: টুর্নামেন্টের এক বা একাধিক ম্যাচে অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে উৎসাহিত, প্ররোচিত বা সহায়তা করার চেষ্টা। তদন্তে বাধা সৃষ্টি: দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আইসিসির এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে গণনা করে আগামী ৮ বছর রেড্ডি ক্রিকেট-সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।


প্রকাশিত: August 4, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ