সর্বশেষ সংবাদ :

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম ঘোষণা আইসিসির

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই মহাযজ্ঞের প্রস্তুতিতে বড় পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ঘোষিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের একটি স্টেডিয়াম। এই স্মরণীয় মুহূর্তে সেখানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা। সাথে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন ছিলেন।
দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।
জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।
জোহানেসবার্গে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের নতুন ব্র্যান্ডিংও উন্মোচন করা হয়। ‘উবুন্টু’ দর্শনকে সামনে রেখে সাজানো হয়েছে ২০২৭ আসরের পরিচিতি, যার মূল বার্তা ঐক্য, মানবিকতা ও আফ্রিকার আতিথেয়তা।
আইসিসির মতে, এই বিশ্বকাপ শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং আফ্রিকার সংস্কৃতি ও বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরারও একটি বড় উপলক্ষ। ২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকা বিশ্বকাপের আয়োজন করছে, যদিও নামিবিয়ার জন্য এটি হবে প্রথমবারের মতো বিশ্বকাপ ভেন্যু হওয়ার গৌরব।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। আইসিসি ইতোমধ্যে টুর্নামেন্টের নতুন প্রতিযোগিতা কাঠামোও নির্ধারণ করেছে, যেখানে আরও বেশি দলকে নকআউটের লড়াইয়ে টিকে থাকার সুযোগ দেওয়া হবে। ক্রিকেটবিশ্বের প্রত্যাশা, আফ্রিকার ঐতিহাসিক মাঠগুলোতে আবারও জন্ম নেবে নতুন সব স্মরণীয় মুহূর্ত। ২০২৭ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন, আর ভেন্যু ঘোষণার মধ্য দিয়ে সেই উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেল।
ভারত সিরিজ নিয়ে সরকারের সহযোগিতা চাইল বিসিবি
স্পোর্টস ডেস্ক: আগস্টের শেষ দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশের সফরে আসার কথা ভারতের। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে নেপথ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সিরিজটি নিশ্চিত করতে এবার সরকারি পর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এ লক্ষ্যে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য ভারত সিরিজসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সম্মতি না দেওয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিসিবি। সফরটি সফলভাবে আয়োজনের জন্য কূটনৈতিক পর্যায়ের সমন্বয় প্রয়োজন বলেও মনে করছে বোর্ড। মূলত এই সিরিজটি ২০২৪ সালেই হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে দুই দফায় পিছিয়ে যায় সূচি। নতুন সূচি অনুযায়ী চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।
এর আগে গত ২৯ জুলাই বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিষয়টি শুধু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে নির্ভর করছে না। তার ভাষায়, সফরটি বাস্তবায়নের ক্ষেত্রে এমন কিছু বিষয় রয়েছে, যেখানে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সব মিলিয়ে ভারত সিরিজ ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবে সফরটি নির্ধারিত সময়েই আয়োজন করতে বিসিবি যে এখন সরকারি পর্যায়ে সমন্বয় জোরদার করেছে, সেটিই স্পষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক উদ্যোগে।


প্রকাশিত: August 1, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ