সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে আধুনিক যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :

রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলা সদরে আধুনিক যাত্রী ছাউনি পুনর্র্নিমাণ, বাস বে, গণশৌচাগার, পুলিশ বক্সসহ প্রয়োজনীয় যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এবং এর অন্তর্ভুক্ত সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে আধুনিক যাত্রীসেবা অবকাঠামোর অভাবে সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যাত্রী ছাউনি না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে যাত্রীদের অপেক্ষা করতে হয়। পাশাপাশি বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সের অভাবও জনদুর্ভোগ বাড়িয়েছে।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ভেঙে ফেলা যাত্রী ছাউনির স্থানে আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন নতুন যাত্রী ছাউনি নির্মাণ, জাতীয় মহাসড়কের মানদণ্ড অনুযায়ী বাস বে নির্মাণ, ডাইংপাড়া মোড়সহ উপজেলা সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব গণশৌচাগার স্থাপন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ বক্স নির্মাণ এবং পর্যাপ্ত এলইডি আলোকসজ্জা, বসার ব্যবস্থা, নিরাপদ পথচারী পারাপার ও ডাস্টবিন স্থাপনের মাধ্যমে সার্বিক যাত্রীসেবার মানোন্নয়ন।

 

স্মারকলিপিতে আরও বলা হয়, গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের দুর্ভোগ কমাতে এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। এ বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্মারকলিপি দেওয়ার সময় গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম জুয়েল উপস্থিত ছিলেন। তিনি বলেন, গোদাগাড়ীর সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও উন্নত জনসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম/শামি
০১৭১২-০৪৪৭১৫


প্রকাশিত: July 30, 2026 | সময়: 9:32 pm | Daily Sunshine