সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে এক কিলোমিটার কাঁচা রাস্তায় আট গ্রামবাসীর দুর্ভোগ

অহিদুল হক, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামের মানইর থেকে নাজিরপুরগামী এক কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দুই উপজেলার ৮ গ্রামের প্রায় অর্ধ লাখ মানুষ বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা যায়, বড়াইগ্রাম ও পাশের পাবনার চাটমোহর উপজেলার ৮টি গ্রামের বাসিন্দারা মানইর-নাজিরপুর রাস্তায় চলাচল করেন। আশেপাশের মানুষের কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য জোনাইল বাজার যাওয়ার এটাই একমাত্র রাস্তা।
এছাড়া শিক্ষার্থীরা এ পথ ধরেই মানইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়, জোনাইল উচ্চ বিদ্যালয় ও জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়সহ জোনাইল ও বড়াইগ্রাম কলেজে যায়। কিন্তু সড়কটির উভয় পাশে পাকা হলেও মানইর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাজিরপুর নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত অংশ দীর্ঘদিনেও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো রাস্তা জুড়ে শুধু কাদা আর পানি। একটু পরপর ছোট-বড় গর্ত। রাস্তায় কাদার কারণে কোনো যানবাহন ঠিকমতো যেতে পারছেন না। শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা স্যান্ডেল-জুতা হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। মঙ্গলবার এলাকার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র জোনাইল হাটে বেচাকেনার জন্য এলকাবাসীদের কাদায় নেমে মালবোঝাই অটো রিক্সা, ভটভটি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।
স্থানীয় অটোরিক্সা চালক আব্দুল বাসেত বলেন, কাদার কারণে এ রাস্তায় গাড়ি চালানো যায় না। কিন্তু গাড়ি নিয়ে যেতে না চাইলেও প্রায়ই যাত্রীদের সঙ্গে মনোমালিন্য হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, এ সড়কের দুই দিকেই পাকা থাকলেও মাঝের এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিনেও পাকা করা হয়নি। এতে স্থানীয় লোকজন বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি অতি দ্রুত পাকা করার দাবি এলাকার মানুষের। উপজেলা প্রকৌশলী বলেন আব্দুস সামাদ, জনগণের যাতায়াত স্বাভাবিক রাখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


প্রকাশিত: July 29, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ